চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলে ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ কর্নারের পাশ থেকে মালিকবিহীন অবস্থায় ছয়টি লাগেজ উদ্ধার করা হয়েছে। এসব লাগেজ খোলার পর ৮০০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাস্টমস কর্তৃপক্ষ লাগেজগুলো খুলে এসব সিগারেট উদ্ধার করে।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, লাগেজগুলোর কোনো মালিক শনাক্ত না হওয়ায় নির্ধারিত প্রটোকল অনুযায়ী ব্যাগগুলো খোলা হয়। এতে পাওয়া যায় ৮০০ কার্টন বিদেশি সিগারেট—যা ব্যাগেজ রুল অনুযায়ী অনুমোদিত পরিমাণের বহুগুণ বেশি।
বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, নিয়ম অনুযায়ী একজন যাত্রী এক কার্টন সিগারেট আনতে পারেন, তাও বিনা শুল্কে। এর বেশি আনা সম্পূর্ণ নিষিদ্ধ। সে কারণে লাগেজগুলো পরিত্যক্ত হিসেবে জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট শর্তযুক্ত পণ্য। প্যাকেটে বাংলায় ‘ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ লেখা ছাড়া সিগারেট আমদানি করা যাবে না।
বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিত্যক্ত মালামাল জব্দসংক্রান্ত বিধান অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
এএইচ/ডিজে


