আমিরাতে বাঙালিয়ানা ও ঐতিহ্যে লেডিস ক্লাবের বর্ষবরণ

বাংলা নতুন বছরকে বরণ করেছে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী নারীদের অন্যতম বৃহৎ সংগঠন ‘বাংলাদেশ লেডিস ক্লাব ইউএই’। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়।

রোববার (১৯ এপ্রিল) বিকালে আজমানের একটি স্থানীয় রেস্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৬০০ সদস্যের এই সংগঠনটি প্রবাসের মাটিতে বাঙালিয়ানা ও নিজেদের সংস্কৃতিকে তুলে ধরতে এই আয়োজন করেছে। ছোট পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের প্রায় ৫০ জন সদস্য ও তাদের পরিবার অংশ নেয়।

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে আসা সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানে যেন এক টুকরো বাংলাদেশকে ফুটিয়ে তোলে। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে বাংলার ঐতিহাসিক বৈশাখী ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা লিজা হোসাইন এবং সভাপতি লাবণ্য আদিল, সাধারণ সম্পাদক নাসরিন আক্তার, কার্যকরী সদস্য শারমিন রাখী,মারিয়ুম মুহাম্মদ, নাসরিন সুলতানা,নওরিন রিমা এবং উপদেষ্টা, ইয়াসমিন ইসলাম মেরুনা ও ফাতিমা আহাদসহ সংগঠনের অন্যান্য সাধারণ ও কার্যকরী সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়, আড্ডা, স্মৃতিচারণ আর পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনটি সবার জন্য স্মরণীয় হয়েছিল। উপস্থিত সদস্যরা আগামীতেও প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও ঐক্যের এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

ksrm