রেললাইন মেরামতের সময় ট্রেনে কাটা পড়ে কর্মচারী নিহত

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি সহকর্মীদের সঙ্গে রেললাইনের পাথর ঠিক করছিলেন।

নিহত কর্মচারীর নাম মো. রফিকুল ইসলাম (৫৫)। তিনি রেলওয়ের ওয়েম্যান হিসেবে কর্মরত আছেন। তিনি মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ঘোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম রেললাইনে মেরামতের কাজ করছিলেন। তিনি যেই রেল লাইনে কাজ করছিল সেই লাইনে মালবাহী ট্রেন আসার কারণে ডাউন লাইনে সরে যায়। কিন্তু সেই মুহূর্তে চট্টগ্রামমুখি লাইনে অসাবধানতাবশত মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। এতে তার মাথা ও দুই পা থেতলে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।

‎উপজেলার বাড়বকুণ্ড রেলস্টেশনের মাস্টার রাজ কুমার রায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল বেলা রফিকুলসহ কয়েকজন ওয়েম্যান রেললাইনের পাথর ঠিক করার সময় রফিকুল নামের ওই ওয়েম্যান মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।

‎সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রাশেদ রানা বলেন, রেল লাইনে মেরামতের কাজ করছিলেন রফিকুল ইসলাম। এ সময় দুই লাইনে ট্রেন আসার কারণে অসাবধানতাবশত চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। পরিবার ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ডিজে

ksrm