চট্টগ্রাম নগরীর টাইগারপাসে একটি দেশীয় একনলা বন্দুক ও গুলিসহ মো. মনির নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কার্তুজের গায়ে ‘RC 12 Italy’ লেখা ছিল।
সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ১০ মিনিট থেকে ৫টা ৫০ মিনিট পর্যন্ত এ অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশ। অভিযানে টাইগারপাস এজেন্সি লিমিটেডের গ্যাস ফিলিং স্টেশনের দক্ষিণ পাশের পাহাড়ের নিচে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মনির (২৮) নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাটা এলাকার মৃত আবু তাহের ওরফে কাশেমের ছেলে। বর্তমানে তিনি কোতোয়ালী থানার ৭ নম্বর বাস পার্কিং এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন।
তার কাছ থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত দেশীয় একনলা বন্দুক (ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত) এবং দুটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিন।
পুলিশ জানায়, মো. মনিরের বিরুদ্ধে কোতোয়ালী, বাকলিয়া ও চট্টগ্রাম রেলওয়ে থানাসহ বিভিন্ন থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে।
জেজে/ডিজে


