চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন।
নিহতরা হলেন—ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, শরীফুল ও রাইসুল মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধুও অন্য মোটরসাইকেল নিয়ে কক্সবাজার যাচ্ছিলেন।
ভোরে চট্টগ্রাম থেকে আসা লাল-সবুজ পরিবহন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল ও ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসটির ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে দুই আরোহী আহত হন।
পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুল আমিন বলেন, ঘটনার পরপরই দুর্ঘটনা কবলিত বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
নিহতের লাশ হাসপাতালে রয়েছে এবং ঘটনার ব্যাপারে স্বজনদের খবর পৌঁছানো হয়েছে। স্বজনরা আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা বলে জানান আরিফুল আমিন।
ডিজে



