দক্ষিণ রাঙ্গুনিয়ায় বন্দুক ও গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির নাস মোহাম্মদ জাহেদ (৩৭)। তিনি সরফভাটা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও অস্ত্র সরবরাহকারী চক্রের অন্যতম সদস্য। তার পিতা মৃত আবদুস শহীদ, বাড়ি উপজেলার নারায়ণনগরে (পশ্চিম সরফভাটা)।

পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, ৯টি কার্তুজ (শীসা) এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক জাহেদ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং অবৈধ অস্ত্র সরবরাহের সঙ্গে জড়িত ছিল।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ সন্ত্রাস, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেবে না। সমাজে অশান্তি সৃষ্টিকারী অপরাধীদের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।’

তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকবে।

এমজে/ডিজে

ksrm