চট্টগ্রামের লোহাগাড়ায় মায়ের খালার বাড়িতে বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে আবরার হাসনাত রাহাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের নোয়ারবিলা, রাজঘাটা এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত শিশুর নাম আবরার হাসনাত রাহাত (৫)। সে উপজেলার কলাউজান ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) হরিণা বিল এলাকার মৃত মো. আলমগীরের সন্তান। আলমগীর ৫ মাস আগে দুবাইতে স্ট্রোক করে মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাউজান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভুট্টু।
নিহত শিশুর মামা শাহনুর বখতিয়ার জানান, আমার ভাগিনা রাহাত বাক প্রতিবন্ধী ছিল। ৪-৫ দিন আগে নগরীর আগ্রাবাদ মা-শিশু হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি আসছি। গত সোমবার আমার বোন ভাগিনা আবরার হাসনাত রাহাতকে নিয়ে চরম্বার রাজঘাটা এলাকায় আমাদের খালার বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে রাহাতকে দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। একসময় বাড়ির পাশের ডোবায় তাকে পাওয়া যায়। স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাহাতের নানা মাস্টার শাহাবউদ্দিন জানান, আমার মেয়ে আমার নাতিকে নিয়ে তার খালার বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে সবার অজান্তে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। ৪-৫ মাস আগে স্বামী হারানোর শোক কাটতে না কাটতেই, আজ ছেলেটিকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছে আমার মেয়ে।
ডিজে



