চট্টগ্রামে ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে ‘এমএসএফ’

চট্টগ্রাম নগরে ডেঙ্গু প্রতিরোধ করতে সিটি কর্পোরেশন ও মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্সের মধ্যে (এমএসএফ) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় নগরীর একটি পাঁচ তারকা হোটেলে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে স্বাক্ষর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, এমএসএফ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জেসন মিলস ও কান্ট্রি চিফ ফর হেলথ ডা. কারমেঞ্জা গালভেজ।

এই চুক্তির মাধ্যমে ডেঙ্গুজনিত জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় একটি কাঠামো তৈরি হবে। একইসঙ্গে এই অংশীদারিত্বের অধীনে সিটি কর্পোরেশন এবং এমএসএফ ‘ছয় স্তরের’ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। এর মধ্যে রয়েছে—মশা নিয়ন্ত্রণ, রোগ শনাক্তকরণের জন্য নজরদারি বাড়ানো, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, স্থানীয় স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা তৈরি, ডেঙ্গু মোকাবিলায় কার্যকর গবেষণা এবং অ্যাডভোকেসি কার্যক্রম জোরদার করা।

চট্টগ্রামে কয়েক বছর ধরে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ২০২৩ সালের সারাদেশে ১ হাজার ৭০৫ জন ডেঙ্গুতে মারা যান; যা গত ২০ বছরে ডেঙ্গুজনিত মোট মৃত্যুর সংখ্যাকেও অতিক্রম করেছে। এর মধ্যে চট্টগ্রামে মারা গেছে ১০৭ জন।

এমএসএফ আমস্টারডাম’র ডেপুটি মেডিক্যাল ডিরেক্টর এবং এমএসএফ-ইউকে’র ম্যানসন ইউনিটের পরিচালক ডা. ম্যাথিউ কোল্ডিরন বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং ডেঙ্গু একটি জলবায়ু-সংবেদনশীল রোগ। এই প্রেক্ষাপটে চট্টগ্রামে এমন একটি উদ্ভাবনী অংশীদারিত্ব শুরু করতে পেরে এমএসএফ আনন্দিত। মশা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাপনা—সবক্ষেত্রে একটি সুশৃঙ্খল পদ্ধতি গ্রহণ করে আমরা ডেঙ্গুর প্রভাব কমাতে এবং সামগ্রিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে চাই।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা এই গুরুত্বপূর্ণ উদ্যোগে মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্সকে সমর্থন দিতে পেরে আনন্দিত এবং ডেঙ্গু প্রতিরোধে একসঙ্গে কাজ করার জন্য আগ্রহী। ডেঙ্গু যেহেতু ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়, আমরা বিশ্বাস করি এই উদ্যোগ এর প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ksrm