চট্টগ্রামের পটিয়ায় ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার পলাতক আসামি আবু তাহেরকে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে চট্টগ্রামের র্যাব-৭ ও সিরাজগঞ্জের র্যাব-১২ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আবু তাহের (৪০) হত্যাকাণ্ডের পরপরই আবু তাহের আত্মগোপনে চলে যায় এবং স্থান পরিবর্তন করতে থাকে। তবে প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম র্যাব-৭ এর এক কর্মকর্তা জানান, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল এবং শুরু থেকেই গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত আসামিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
পটিয়া থানার ওসি মো. জিয়াউল হক জানান, গ্রেপ্তার আসামিকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ১৫ এপ্রিল দীর্ঘদিনের পৈত্রিক জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন সুপারি ব্যবসায়ী আবুল কাসেম ও তার ভাই আবুল কালাম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ এপ্রিল ভোরে আবুল কাসেম (৫৫) মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদি হয়ে ইকবাল হোসেনকে প্রধান আসামি করে আরও দুইজনকে এজহারভুক্ত এবং অজ্ঞাত ৩/৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
অন্যদিকে গুরুতর আহত আবুল কালাম এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এএইচ



