চট্টগ্রামের সীতাকুণ্ডে পানবোঝাই একটি পিকআপের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে ধাক্কার ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও এক ব্যক্তি।
নিহতরা হলেন—চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা রমণী মোহন চৌধুরীর ছেলে কমল চৌধুরী (৫৩) ও হাটহাজারী উপজেলার পশ্চিম দেওয়াননগর পূর্ব পাড়ার মৃত মৃত ননী চৌধুরীর ছেলে সমীর চৌধুরী (৫৪)। এছাড়া আহত ব্যক্তির নাম উজ্জ্বল (৪৯)।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারা আউলিয়া হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুল মোমিন।
বার আউলিয়া হাইওয়ে থানা জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে পটিয়া হাইদগাঁও ব্রাহ্মণঘাটা থেকে পিকআপ পানবোঝাই করে মিরসরাই এলাকায় যাচ্ছিল। এর মধ্যে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁশবাড়ি এলাকা অতিক্রম করার সময় চাকা পাংচার হয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা দেয়। স্থানীয় ও সহযোগিতায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত উজ্জ্বল নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) আবদুল মোমেন বলেন, পানবোঝাই পিকআপের চাকা পাংচার হয়ে মহাসড়কে ডিভাইডারে ধাক্কা দেয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন। উজ্জ্বল নামের একজন চিকিৎসাধীন রয়েছে। পিকআপ চালক পলাতক রয়েছে। পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


