ফিরিঙ্গিবাজারের কৃতিসন্তান মাকসুদ আহমেদের মৃত্যুতে শোকের ছায়া

চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকার কৃতিসন্তান, চট্টগ্রাম নগর বাইশ মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মাকসুদ আহমেদ সরদার আর নেই। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

সেদিনই রাত ১০টায় পুরাতন রেল স্টেশন চত্বরে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, অসংখ্য নাতি-নাতনিসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ কর্মজীবনে মাকসুদ আহমেদ সরদার চট্টগ্রামের সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম নগর বাইশ মহল্লা কমিটি, স্থানীয় সমাজসেবী সংগঠন, ফিরিঙ্গি বাজারের বাসিন্দা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় নেতারা বলেন, ‘মাকসুদ আহমেদ সরদার ছিলেন এক বিরল সমাজসেবক। তাঁর অভাব সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করেন।’

ksrm