প্রতিদিনের মতোই সকালেবলা মাদ্রাসায় যাচ্ছিল তিন বোন। বাড়ি থেকে আধ কিলোমিটার পথ পেরিয়ে মাদ্রাসার ফটকের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল তারা। কিন্তু নিয়তি হয়তো লিখে রেখেছিল অন্যকিছু। মুহূর্তেই মালবোঝাই ট্রাক কেড়ে নিলো এক বোনের প্রাণ। এ ঘটনায় নিহত হয়েছে আরও এক ব্যক্তি। অপরদুই বোনসহ আহত হয়েছেন পাঁচজন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় জাহেদিয়া দাখিল মাদ্রাসার পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—জাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী খাদিজা মাশমুম (১৫) এবং এক অজ্ঞাতনামা পথচারী তরুণ। গুরুতর আহত হয়েছেন খাদিজার দুই বোন—নবম শ্রেণির শিক্ষার্থী তৌফিয়া তাবাসসুম (১৩) ও সপ্তম শ্রেণির উম্মে হাবিবা (১১)। আহত অন্যদের মধ্যে রয়েছেন পথচারী আবুল খায়ের (৪০) ও নাম না জানা আরও দুই ব্যক্তি। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার দিক থেকে আসা গো-খাদ্যবোঝাই একটি ট্রাক চট্টগ্রামমুখি লেনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। অটোরিকশাটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। এরপর ট্রাকটি তিন বোনসহ কয়েকজন পথচারীকে চাপা দিয়ে পুকুরে পড়ে যায়।
মাদ্রাসার শিক্ষক মো. নুরুজ্জামান জানান, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে এসে সড়কের ওপর আহত ও নিহতদের পড়ে থাকতে দেখেন তিনি।
নিহত খাদিজা মাশমুম মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পোলমোগরা গ্রামের নাছির উদ্দিনের মেয়ে। তিন বোনই একই মাদ্রাসায় পড়াশোনা করত এবং প্রতিদিন বাড়ি থেকে প্রায় আধ কিলোমিটার পথ হেঁটেই মাদ্রাসায় যেত। দুর্ঘটনার খবর পেয়ে নির্বাক হয়ে বসে পড়েন তাদের বাবা নাছির উদ্দিন।
চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) নাদিম হায়দার চৌধুরী জানান, চট্টগ্রাম যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় জটলা দেখে নেমেছি। দুর্ঘটনার বিষয়টি দেখে আমি থানা পুলিশ ও ফায়ারসার্ভিসকে খবর দিই।ঘটনাস্থলে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ কাজ করছে।
ডিজে



