মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের দুই কিশোর আহত হয়েছে। তারা উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সংলগ্ন এলাকায় নাফ নদীতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই কিশোর হলো—মো. সোহেল (১৬) ও মো. ওবাইদুল্লাহ (১৭)। তারা টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ওই দুই কিশোর নৌকা নিয়ে নাফ নদীতে মাছ ধরছিল। হঠাৎ মিয়ানমার থেকে তাদের নৌকা লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র সদস্যরাই ওই দুই কিশোরকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল জানান, নাফ নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলির ঘটনায় আরাকান আর্মি জড়িত। আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে ১১ জানুয়ারি সকালে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে হুজাইফা আফনান (৯) নামের টেকনাফের এক শিশু আহত হয়। সে এখনও ঢাকায় চিকিৎসাধীন আছে। এরপর ১২ জানুয়ারি টেকনাফ সীমান্তের লম্বাবিল এলাকায় মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে এক মাছ চাষি পা হারান। তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
ডিজে



