স্ত্রীকে নির্যাতন, চট্টগ্রামের পুলিশ সার্জেন্টকে কারাদণ্ড

চট্টগ্রামে স্ত্রীকে নির্যাতনের মামলায় এক পুলিশ সার্জেন্টকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন তিনি।

সাজাপ্রাপ্ত পুলিশ সার্জেন্টের নাম মো. নাজিম উদ্দিন (৫০)। বর্তমানে তিনি সাময়িক বরখাস্ত আছে।

সোমবার (২০ এপ্রিল) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোস্তাক আহমেদ এ রায় দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুছ রায়ের বিষযটি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, নির্যাতিত ওই নারীর সঙ্গে ২০০৪ সালে মো. নাজিম উদ্দিনের বিয়ে হয়। তাদের সংসারে এক মেয়ে ও এক ছেলে রয়েছে। অভিযোগে বলা হয়, একটি ফ্ল্যাট কেনার জন্য স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবী করে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল নাজিম। মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০২০ সালের মার্চ ও জুন মাসে একাধিকবার নির্যাতনের ঘটনা ঘটে।

টাকা আনতে চাপ দিয়ে নাজিম স্ত্রীর ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালান। সর্বশেষ ২০২০ সালের ১৪ জুন সন্ধ্যায় টাকা না দেওয়ায় মারধর ও গলা চেপে হত্যার চেষ্টা করেন। এ সময় সন্তানসহ আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার তিনি চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করায়।

এ ঘটনার পর আদালতে মামলা দায়ের আবেদন করা হলে নগরীর কোতোয়ালী থানায় মামলা রেকর্ড করার আদেশ দেন। ২০২০ সালের ১৭ আগস্ট থানায় মামলা রেকর্ড করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হলে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

এরপর ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. নাজিম উদ্দিনকে এক বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আইএমই/ডিজে

ksrm