চট্টগ্রামে বিএনপি সমাবেশ থেকে ১৮ মাইক ‘চুরি’

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে, ড্রোন উড়ানো নিষিদ্ধ, প্রতিটি প্রবেশপথে কড়া তল্লাশি, সার্বক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি—সবকিছু থাকার পরও ময়দানের আশপাশ থেকে চুরি হয়েছে ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার।

রোববার (২৫ জানুয়ারি) সকালে পুনরায় মাইকের হিসেব মিলাতে গিয়ে ধরা পড়ে এই চুরি-কাণ্ড।বিষয়টি বিএনপি নেতাদের জানানো হলে, তারা থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।

শনিবার রাত থেকেই দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের চট্টগ্রামে আগমন ঘিরে নগরজুড়ে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা। সিএমপি ঘোষণা দেয়, সমাবেশ এলাকায় অস্ত্র, বিস্ফোরক, ধারালো বস্তু, এমনকি পাথর বহনও নিষিদ্ধ। বন্ধ রাখা হয় ড্রোন ওড়ানো। কিন্তু এই নজিরবিহীন নিরাপত্তার মধ্যেই ঘটে যায় চাঞ্চল্যকর চুরির ঘটনা।

ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের মালিক আবদুর রাজ্জাক জানান, সমাবেশে প্রায় ২০০টি মাইক বসানো হয়েছিল। রাত ১০টা থেকে ১১টার মধ্যে সবশেষে লাইন চেক করে আমরা চলে যাই। নিরাপত্তায় আমাদের দুজন লোকও টহলে ছিল।

চুরি হওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে প্রায় ১৫–১৬ ফুট উঁচুতে লাগানো ছিল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মাইক চুরির বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। আমরা তদন্ত শুরু করেছি। আশপাশে অনেক সিসিটিভি থাকায় চোরদের শনাক্ত করতে আশা করছি বেগ পেতে হবে না।

এএইচ/ডিজে

ksrm