বোয়ালখালীতে এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় ‘ককটেল বিস্ফোরণ’, পুলিশ বলছে পটকা

চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ বক্তব্য দেওয়ার সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিএনপি নেতাকর্মীরা এজন্য জামায়াতের কর্মীদের দায়ী করেছেন। তবে পুলিশ বলছে, ককটেল নয়, পটকা ফুটানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পূর্ব কধুরখীল উচ্চ বিদ্যালয়ের সামনে নির্বাচনী সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

এনিয়ে দ্বিতীয়বারের মতো এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এর আগে গত ৩ নভেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার চালিতাতলী এলাকায় নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ সরোয়ার হোসেন বাবলা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হক অভিযোগ করে বলেন, স্থানীয় জামায়াত কর্মী এরফানের নেতৃত্বে পাঁচ-ছয়জন ব্যক্তি এই হামলা চালিয়েছে। বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, বিএনপি প্রার্থীর পথসভার একটু দূরে কে বা কারা পটকা-আঁতশবাজি সদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটায়। প্রার্থী নিজে ফোন করে ককটেল হামলা চালানো হয়েছে বলে জানান। ঘটনাস্থল পরিদর্শন করে ককটেলের কোনো আলামত পাওয়া যায়নি।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।

বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম নগরীর একাংশ নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর বিপরীতে ১১ দলীয় জোটের এনসিপি প্রার্থী জোবাইরুল ইসলাম আরিফসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছের থাকলেও দলটি আনুষ্ঠানিকভাবে এনসিপিকে সমর্থন দেওয়ায় তিনি প্রচারণায় নেই।

এএএম/ডিজে

ksrm