চট্টগ্রাম-কক্সবাজার রুটে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা মাছবোঝাই ট্রাকের সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসের সংঘর্ষ হয়েছে। এতে ট্রেনের ১০ থেকে ১২টি বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চন্দনাইশ উপজেলার খানহাট স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস পটিয়া স্টেশন পার হয়ে খানহাট এলাকায় পৌঁছালে রেললাইনের খুব কাছাকাছি রাখা একটি মাছবোঝাই ট্রাকের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের কয়েকটি বগির দরজা খুলে পড়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রেনটির সঙ্গে একটি মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএইচ/ডিজে


