চান্দগাঁওয়ে ‘চাঁদা’না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, সাড়ে ৯ লাখ টাকা লুটের অভিযোগ

চট্টগ্রামের চান্দগাঁও ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় প্রতিষ্ঠানটির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়, লুটপাট করা হয় প্রায় সাড়ে ৯ লাখ টাকা। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে চান্দগাঁওয়ের নাজীর সড়কের ওসমানের মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এসএম বদরুদ্দোজা হৃদয় এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন চান্দগাঁও থানায়।

এসএম বদরুদ্দোজা হৃদয় বলেন, কয়েকদিন ধরে তারা আমার কাছ থেকে চাঁদা দাবি করছিল। আমরা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা চালায় ও লুটপাট করে। ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন জানান, ব্যবসায়ীর কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হৃদয় নগরের নুরুজ্জামান নাজীর সড়কের ওসমানের মোড়ে ‘জি ডট টেক সলিউশন’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। বেশ কিছুদিন ধরে এলাকার কয়েকজন চিহ্নিত ব্যক্তি তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

অভিযোগপত্রে হৃদয় উল্লেখ করেন, শনিবার সন্ধ্যা সাতটার দিকে মো. দিদার (৪৫), মো. ফারুক (৩০), মো. নয়ন (২৮), মো. হাছান (২৫) ও মো. বায়েজিদের (৩০) নেতৃত্বে ২০থেকে ২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এ সময় তারা ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হৃদয়কে মারধর করা হয়।

একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি হাত দিয়ে ঠেকান। এ সময় তার বাম হাত জখম হয়। পরে আবারও তার মাথায় আঘাত করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এসে আহত হন ছোট ভাই এসএম মাহিদ শাহরিয়ারসহ (২২) প্রতিষ্ঠানের কর্মচারী তাসবিদ (১৭), নুর মোহাম্মদ সাঈদ (২৬), ওয়াসি কামাল (২৬), সোহান (২২) ও জাহেদ (২২)।

হামলাকারীরা প্রতিষ্ঠানের দুটি কম্পিউটার, একটি ল্যাপটপ ও একটি আইপ্যাড ভাঙচুর এবং আসবাবপত্র নষ্ট করে। এতে প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ক্যাশবাক্স থেকে ৯ লাখ ৪৭ হাজার টাকা লুট করে নিয়ে গেছে বলেও উল্লেখ করা হয় অভিযোগে।

ডিজে

ksrm