দুদকের মামলায় সম্পদ বিবরণী দাখিল না করায় ৩ বছরের কারাদণ্ড, অর্থদণ্ড কোটি টাকা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সম্পদ অর্জনের বিবরণী দাখিল না করায় আজিজুল হক ওরফে জুলইক্যাকে নামে এক ব্যক্তিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে জরিমানা করা হয়েছে প্রায় ১ কোটি টাকা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার নথি থেকে জানা গেছে, আজিজুলের বিরুদ্ধে মাদক ব্যবসার মাধ্যমে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে তার নামে প্রায় ৫৫ লাখ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। যার নির্দিষ্ট বৈধ উৎস দেখাতে পারেননি তিনি।

এছাড়া ২০১৯ সালের ২ মে আজিজুল হককে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে তা দাখিল করতে না পারায় তার বিরুদ্ধে দুদক আইনের ২৬(২) ধারায় মামলা করা হয়। বিচার চলাকালে দুদক পক্ষে ১৩ জন ও আসামি পক্ষে ৪ জন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম রনি জানান, দুদক সম্পদ বিবরণী দাখিল না করা এবং জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আজিজুলকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে ৯৯ লাখ ৮৫ হাজার ৯০৮ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুদক আইনের ২৬ (২) ধারায় আজিজুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরএ/ডিজে

ksrm