বাড়ির পাশের বাগানে মিললো নিখোঁজ বৃদ্ধের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

চট্টগ্রামের বাঁশখালীতে একটি বাগান থেকে নিখোঁজ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বাগানের মাটিতে ওই ব্যক্তিকে খুনের পর মাটিচাপা দেওয়া হয়েছিল।

মৃত ব্যক্তির নাম আশরাফ মিয়া (৬৫)। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানান স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৩ নভেম্বর) সকালে কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব টেমাপাড়া এলাকায় তার বাড়ির পাশে বাগানের মাটির নিচ থেকে লাশটি পাওয়া যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির শরীর ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, আশরাফ মিয়া কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। সকালে তার ছেলে বাড়ির পাশে বাগানে পানি দিতে গিয়ে নতুন মাটি দেখতে পান। পরে মাটি খুঁড়লে তার লাশ পাওয়া যায়।

ওসি আরও বলেন, পরিবার থানায় নিখোঁজের তথ্য জানায়নি। ঘরের পাশে বাগানে লাশ পাওয়ার ঘটনা সত্য হলেও, এর পেছনে অন্য কিছু থাকতে পারে। আমরা সবদিক খতিয়ে দেখছি।

এএইচ/ডিজে

ksrm