লোহাগাড়ায় ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের মানববন্ধন

চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নোটিশহীন চাকরিচ্যুত কর্মকর্তারা মানববন্ধন করেছেন। এতে একাত্মতা জানান তাদের স্বজনরাও।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আমিরাবাদ বটতলী মোটর স্টেশন এলাকার ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখার সামনে প্রায় ৫ হাজার ৫শত কর্মকর্তা পুনর্বহালের দাবিতে এ মানববন্ধন করা হয়। এ সময় ‘সাতকানিয়া–লোহাগাড়া ব্যাংকার পরিবার ও জনসাধারণ’ লেখা ব্যানারে ভিড় জমায় শত শত চাকরিচ্যুত কর্মকর্তা ও তাদের স্বজনরা।

সাইফুল আরমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো. আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রোহানসহ আরও অনেকে।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের পর কোনো নোটিশ ছাড়াই আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। আমরা বৈধ কাগজপত্র দিয়ে নিয়োগ পেয়েছি। এমন অবস্থায় বয়সসীমা পেরিয়ে যাওয়ায় আর কোনো সরকারি চাকরিতেও আবেদন করতে পারছি না। পরিবার–পরিজন নিয়ে আমরা চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি। সন্তানদের লেখাপড়ার খরচও চালানো কঠিন হয়ে পড়েছে।

মানববন্ধনে তারা বর্তমান সরকার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ইসলামী ব্যাংক পিএলসির পরিচালকদের কাছে মানবিক বিবেচনায় পুনর্বহলের বিশেষ অনুরোধ জানান।

এএইচ/ডিজে

ksrm