চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমানফেরত দুই যাত্রীর কাছ থেকে ৫৩৬ কার্টন সিগারেট ও ৮টি মোবাইলে ফোন জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে মাস্কাট থেকে আসা সালাম এয়ারে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়।
দুই যাত্রীর নাম—মোহাম্মদ সেলিম ও দিলীপ দাশ।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, বিমানবন্দরের কাস্টমস হলে বিমানবন্দর কাস্টমস, বিমানবন্দর এনএসআই, ডিজিএফআই ও শুল্ক গোয়েন্দা কর্তৃক দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে।
তল্লাশিতে ১৮ লাখ ৭৬ হাজার টাকার ৫৩৬ কার্টন সিগারেট ও ৪ লাখ ৪০ হাজার টাকার ৮টি স্মার্ট ফোন জব্দ করে।
মোহাম্মদ সেলিমের ব্যাগেজে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন এবং দিলিপ দাশের কাছে ২৭০ কার্টন সিগারেট এবং ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন পাওয়া যায়।
আটক যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ইব্রাহিম খলিল।
আইএমই/ডিজে


