চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জমি লিজ নিয়ে মদ তৈরির কারখানা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পেছনে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরি ও বন্য প্রাণী শিকারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ওই জায়গাটি লিজ নিয়েছিলেন। তার কাছ থেকে ৩০ লিটার চোলাই মদ, মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম সুমন চাকমা (৫০)। তিনি খাগড়াছড়ির বাসিন্দা।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১২টা থেকে তিন ঘণ্টার অভিযান চালিয়ে প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে তাকে আটক করাহয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সুমন বিশ্ববিদ্যালয় থেকে চাষাবাদের জন্য জমি ইজারা নিয়েছিলেন। কিন্তু ঘরের পেছনের লম্বা বারান্দায় তিনি সাজিয়ে তুলেছিলেন চোলাই মদ তৈরির কারখানা। জায়গাটি পাহাড়ঘেঁষা হওয়ায় নীরব ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি চোলাই মদ তৈরি করতেন। এছাড়া তিনি বন্যপ্রাণীও শিকার করতেন।

তার বাড়িতে বহিরাগত লোকজন ও ছাত্রদের চলাচল বেড়ে গেলে সন্দেহ তৈরি হয় প্রক্টরিয়াল বডির‌। এরপর তার ওপর নজরদারি রাখা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১২টায় প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দীর নেতৃত্বে অভিযান শুরু হয়। রাত সাড়ে ৩টা পর্যন্ত চলা ওই অভিযানে তার ঘর থেকে প্রায় ৩০ লিটার চোলাই মদ এবং তৈরির নানা উপকরণ উদ্ধার করা হয়।

সহকারী প্রক্টর নুরুল হামিদ জানান, সুমনকে রাতেই থানায় পাঠানো হয়েছে। ভাড়া নেওয়া জমিতে অবৈধভাবে মদ উৎপাদন ও অনুমতি ছাড়া গাছ কাটার কারণে তার ইজারা বাতিলসহ জরিমানার ব্যবস্থা নেওয়া হবে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুমনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এএইচ/ডিজে

ksrm