চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় রাতের আঁধারে দ্রুতগতির অজ্ঞাত বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) পুরাতন বিওসি এলাকায় দিবাগত রাত ২টার দিকে ঘটে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুমিল্লার চৌদ্দগ্রামের মো. ফারুকের ছেলে মো. সোহেল (২৫) এবং চট্টগ্রামের ভূজপুরের জঙ্গলখৈয়া এলাকার আব্দুর রহমানের ছেলে মো. আবু বক্কর সিদ্দিক (১৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সোহেল তার কর্মচারী আবু বক্করকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে চকরিয়া যাচ্ছিলেন। পথের বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মুহূর্তেই দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দোহাজারী হাইওয়ে থানার এসআই রুহুল আমিন জানান, নিহতদের পরিবারের আবেদনের পর সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি থানায় রাখা হয়েছে।
ঘাতক বাসটির সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ।
এএইচ/ডিজে



