মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলি আবারও বাংলাদেশে এসে পড়েছে। রোববার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আমতলী গ্রামের আইয়ুব ইসলামের বসতঘরের টিনের ছাল ভেদ করে গুলি ঢুকে ভেতরে গিয়ে দেয়ালে আটকে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
ভুক্তভোগীর ছেলে রাব্বি জানান, তাদের বাড়ি মিয়ানমার সীমান্ত থেকে দেড় থেকে আড়াই কিলোমিটার দূরে। সকালে গোলাগুলির শব্দের পর তাঁদের ঘরের টিনে আঘাত লাগে। পরে খুঁজে পেয়ে দেয়াল থেকে গুলিটি বের করা হয়। তিনি বলেন, ‘এত দূর থেকেও যদি বসতঘরে গুলি এসে পড়ে, আমরা কোথায় নিরাপদ?’
২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা বলেন, সীমান্তের গোলাগুলিতে এপারের মানুষের মাঝে আতঙ্ক চরমে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী জানান, শনিবার বিকেলেও হোয়াইক্যং বাজারে একটি কম্পিউটার দোকান ও এক নারীর পায়ে গুলি এসে লাগে। তিনি প্রশাসনের উচ্চপর্যায়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানান। স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেন।

