চট্টগ্রামের হাটহাজারীতে বাজারে প্রকাশ্যে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে ছুরি মেরে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তবে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও তার পরিচয় জানায়নি পুলিশ।
নিহত যুবকের নাম অপি দাশ (২৫)। তিনি উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন এবং মীর হেলালের অনুসারী ছিলেন। তার বাড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বণিকপাড়া এলাকায়। তিনি মিন্টু দাশের ছেলে।
এ আহত অপরজন হলেন—মো. তামিম। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তিনিও ছাত্রদলের কর্মী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সমবয়সী এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চিকনদণ্ডী ইউনিয়নের চৌধুরীহাট দাতারাম সড়কে দুর্বৃত্তরা অপি দাশ ও তামিমের ওপর হামলা চালায়। ছুরিকাঘাতে অপি দাশ ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত তামিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যান।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতরা নিহতের সমবয়সী ছেলেরা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের শনাক্তে অভিযান চলছে।
তবে গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম জানাতে পারেনি পুলিশ।
ডিজে



